ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা টেলি সামাদ (ছবি : সংগৃহীত)
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ। তার বুকে ইনফেকশন ও রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে বলে জানিয়েছে ডাক্তাররা। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনপ্রিয় এই কৌতুক অভিনেতার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার (৪ ডিসেম্বর) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পান্থপথের ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ ডিসেম্বর) তাকে এইচডিইউ-এ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।
টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী সংবাদ মাধ্যমকে জানান, এক মাস আগে থেকে তার বাবার খাবারে অনীহা দেখা দেয়। যার কারণে তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ইনফেনশন হয়েছে। এছাড়া রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।
এদিকে এরই মধ্যে তার শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন টেলি সামাদ।
বাংলা সিনেমার অন্যতম সেরা এ অভিনেতা হার্টের সমস্যার কারণে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করেন। এরপর দেশের মাটিতে বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হন তিনি। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাশে দাড়িয়েছিলেন। পরে সুস্থ হয়ে উঠেন তিনি।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জের নয়াগাঁও টেলি সামাদের জন্ম। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর থেকে একের পর এক দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চার দশকে যেখানে ৬শত সিনেমায় অভিনয় করেছেন।









