মেধাতালিকায় দ্বিতীয় হয়েও বশেমুরবিপ্রবিতে ভর্তি অনিশ্চিত আরিফের

0
441

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সম্পাদিত)

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় হয়েও টাকার অভাবে ভর্তি হওয়া নিয়ে সংশয়ে আছেন সাতক্ষীরার শ্যামনগরের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘জি’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। আজ (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, ভর্তি হওয়ার শেষ তারিখ ১২ ডিসেম্বর। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা এখনও আরিফের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি।

দিনমজুর পিতা এবং গৃহিণী মায়ের সংসারে তিন ভাইবোনের মধ্যে আরিফ দ্বিতীয়, ছোট ভাই পড়ছে অষ্টম শ্রেণিতে আর কিছুদিন আগেই বিয়ে হয়েছে বড় বোনের। ছোটবেলা থেকেই মেধাবী আরিফ পারিবারিক অসচ্ছলতা এবং বিভিন্ন সমস্যার মাঝেও তার পড়ালেখা চালিয়ে গিয়েছে।

আরিফ এসএসসিতে (২০১৫ সালে) বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৮৯ এবং এইচএসসিতে (২০১৭ সালে) মানবিক বিভাগ থেকে ৪ দশমিক ৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার স্বপ্ন প্রধান বিচারপতি হওয়ার।

আরিফুল ইসলাম জানান, ‘ছোটবেলা থেকে অভাবের সংসারে বড় হলেও পড়ালেখা চালিয়ে গিয়েছি। স্বপ্ন ছিল প্রধান বিচারপতি হব, কিন্তু আইন বিভাগে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে এখন আমার স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রায় ১৮ হাজার টাকার প্রয়োজন, আমার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এমতাবস্থায় কেউ আমায় সহায়তা না করলে হয়তো আমার স্বপ্ন এখানেই ভেঙে যাবে।’

উল্লেখ্য, আরিফের দরিদ্রতার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান।

আরিফুল ইসলামকে সহাযোগিতা করতে চাইলে।
যোগাযোগের জন্যঃ ০১৯১৫৫১৯৮৬৭।