নানার জন্য নির্বাচনী প্রচারণায় নাতি সিয়াম (ছবি : সম্পাদিত)
নিজস্ব প্রতিবেদক : প্রতীক বরাদ্দের পর চলছে নিজ নিজ প্রার্থীর প্রচারণা। ব্যানার পোস্টারে ভরে গেছে শহর, গ্রাম ও ছোট ছোট হাটবাজারগুলো। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
তবে ব্যতিক্রম পদ্ধতিতে ভোট চাইতে দেখা গেছে ঠাকুরগাঁও-২ আসনে। নিজের নানা আলহাজ্ব মো. দবিরুল ইসলামের জন্য ভোট চেয়েছেন নাতি সিয়াম ইসলাম। সিয়াম দবিরুল ইসলামের কন্যা মুক্তি ইসলামের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী বাজারে দেখা যায়, সিয়াম ইসলাম চৌরাস্তা শহরের বিভিন্ন মোটর সাইকেল নৌকা মার্কার স্টিকার লাগাচ্ছেন। পাশাপাশি বাজারে আসা মানুষের নিকট নৌকা মার্কায় ভোট চাইছেন। এ সময় তার সঙ্গে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হওয়ার কারণে এ আসনে ভোটের আমেজ তৈরি হয়নি।

নৌকার স্টিকার লাগাচ্ছেন সিয়াম (ছবি : সংগৃহীত)
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের এই এমপি পরপর ৬ বার একই আসনে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
ঠাকুরগাঁও-২ আসনে আ.লীগের প্রার্থী আলহাজ্ব মো. দবিরুল ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্যফ্রন্ট থেকে মনোনীত জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তবে নাশকতার পরিকল্পনার অভিযোগ তিনি গত ১ নভেম্বর থেকে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার হয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পোস্টার সাটালেও এখন পর্যন্ত কোনো নির্বাচনী কোন সভা করতে দেখা যায় নি।









