লম্বা ছুটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

0
371

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শীতকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট ২২ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ৭ জানুয়ারি থেকে যথারীতি সকল ক্লাস-পরীক্ষা চালু থাকবে।

মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সিন্ডিকেটের ৫৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক, ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জানুয়ারি থেকে যথারীতি অফিস খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।


৫৯তম সিন্ডিকেট সভা (ছবি : সংগৃহীত)

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে ৫৯তম সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) আমিনুল ইসলাম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাসেম মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মাহামুদ-উল-হক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও সিন্ডিকেটের সদস্য-সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি ১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।