ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জন হাসপাতালে

0
388

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণা চালানোর সময় খুুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার বিকেল ৫টার দিকে মহানগরীর প্লাটিনাম জুট মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- খুুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, তার ছেলে যুব আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম সম্পাদক তানভীর, ইসলামী আন্দোলনের নেতা হাসিব, আশিকুর রহমান ও রফিকুল হাসান।

ইসলামী আন্দোলনের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন বলেন, আসরের নামাজের পর খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক গণসংযোগ করছিলেন। প্লাটিনাম জুট মিল এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রার্থীসহ আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে আমাদের প্রার্থীসহ পাঁচজন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষ থেকে হামলার খবর ফোনে জানানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।