ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় “ফেথাই” এর প্রভাবে সাগর এখন উত্তাল। বর্তমানে এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
তবে এই ঘুর্ণিঝড় বাংলাদেশের দিকে আসার খুব একটা সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার ও সব মাছ ধরার নৌকাকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ঘুর্ণিঝড় “ফেথাই” এর প্রভাবে রবিবার মধ্যরাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টির পরই শীত জেঁকে বসবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার বিকেল নাগাদ কাকিনাদা এলাকা দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় “ফেথাই”। উপকূল অতিক্রম শেষে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
রবিবার রাতের আবহাওয়ার বিশেষ বুলেটিনে অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রবল ঘূর্ণিঝড় ফেথাইয়ের অবস্থান ছিল চট্টগ্রাম বন্দর থেকে ১৪১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।









