নির্বাচনি ইশতেহারে বিএনপির ১৯ অঙ্গীকার : বাস্তবায়নের প্রতিশ্রুতি ফখরুলের

0
377

রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির ইশতেহার ঘোষণা (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে ইশতেহারে ১৯ অঙ্গীকার করেছে বিএনপি। ক্ষমতায় গেলে এসব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের পক্ষে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল।

ইশতেহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মতপ্রকাশের স্বাধীনতাসহ ১৯ অঙ্গীকার করা হয়েছে।

বিএনপির ইশতেহারে গুরুত্বারোপ করা ১৯ দফার অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে-ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনীতি, মুক্তিযোদ্ধা, যুব নারী ও শিশু, শিক্ষা ও কর্মসংস্থান, জ্বালানি, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, বৈদেশিক ও প্রবাসীকল্যাণ, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রতিরক্ষা ও পুলিশ, আবাসন, পেনশন ফান্ড ও রেশনিং ফান্ড প্রতিষ্ঠা, পরিবেশ, পররাষ্ট্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গুরুত্বারোপ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মইন খান। এছাড়াও ছিলেন বিভিন্ন পেশাজীবী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির সাংবাদিকদের জানান, ‘ভিশন ২০৩০’-এর আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে বিএনপি।

‘এগিয়ে যাব একসাথে, ভোট দেব ধানের শীষে’- এ স্লোগান সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে।

এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিককালের দাবি-কোটা সংস্কার, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেয়া হয়েছে।

এর আগে সোমবার জোটগতভাবে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হয়। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেন ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।