প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘সারাদেশে নির্বাচনমুখী সুবাতাস বলে দিচ্ছে ৩০ ডিসেম্বরের পর নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে।’
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে সিইসি এ কথা বলেন।
নির্বাচনের ব্যাপারে সিইসি বলেন, ‘নির্বাচনের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল ও প্রার্থী তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। তারা তাদের কর্মকাণ্ড সভা-মিছিল করে যাচ্ছেন। ভোটারদের কাছে প্রার্থীরা ভোট প্রার্থনা করছে। সারাদেশব্যাপী এটি হচ্ছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৩০ তারিখ সংসদ নির্বাচন। ভোট নির্বাচন কমিশনের কাছে আমানত। সেই আমানত বা ভোট এর ফলাফল আমাদের হাতে যাবে, বিশ্লেষণ ও বিতরণ করার জন্য। সুতারাং বছরব্যাপী পরিশ্রমের ফসল আপনাদের হাতে চলে যাবে। এই ফসল যাতে কোনো রকমে ভুলত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থানের ব্যাঘাত না ঘটে। তাই সর্তক থাকতে হবে। আমাদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা সর্তকতার সহিত পালন করতে হবে।
নির্বাচনী দায়িত্ব আমরা ইতোমধ্যে ভাগ করে দিয়েছি। নির্বাচনী কমিশনের ক্ষমতা বিকেন্দ্রিকরণ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের মূল দায়িত্ব প্রিজাইডিং অভিসারের। কারণ কেন্দ্র থেকে আমরা ফলাফল সংগ্রহ করি। প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনে না দিয়ে রিটার্নিং অফিসার, নির্বাচনী তদন্ত কমিটিসহ সংশ্লিষ্টদের কাছে দেওয়ার জন্য আহ্বান জানান সিইসি। এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।









