ক্যানসার সৃষ্টিকারী উপাদান শনাক্ত করতে বিএসটিআইয়ের পদক্ষেপ

0
406

জনসন পাউডারে ক্যানসারের উপাদান পরীক্ষা করবে বাংলাদেশ (ছবি: ইন্টারনেট)

নিজস্ব প্রতিবেদক : জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে কোনো ক্যানসার সৃষ্টিকারী উপাদান আছে কি না, সেটি পরীক্ষার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের পরিচালক এস এম ইসহাক আলী শনিবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ সপ্তাহে এই পণ্যে কোনো ক্যানসার সৃষ্টিকারী উপাদান আছে কি না সেটি পরীক্ষার জন্য আমরা পণ্যের নমুনা সংগ্রহ করব। পরে তা পরীক্ষার জন্য দেখব। তবে বাংলাদেশে মনে হয় এই পরীক্ষা সম্ভব হবে না। আর সেটা সম্ভব না হলে বিদেশ থেকে পরীক্ষা করিয়ে নেওয়ার ব্যবস্থা করব।’

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি জনসনের বেবি সোপ, লোশন, পাউডারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে বেশ জনপ্রিয়।

তবে জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালত গত জুলাই মাসে ২২ জন নারীকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ফলশ্রুতিতে বিভিন্ন দেশ এখন বিষয়টি খতিয়ে দেখছে।

জানা গেছে, এই কোম্পানির বিরুদ্ধে ‍যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে আরও অন্তত নয় হাজার মামলা রয়েছে। এ দিকে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ থেকে ২০০০ সালের মধ্যে ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতি ধরা পড়লেও তা গোপন করে বিক্রি চালিয়ে গেছে জনসন অ্যান্ড জনসন।

ফলে ভারতের মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জনসন অ্যান্ড জনসনের কারখানা থেকে বেবি পাউডারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়।বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপে ভারতে উৎপাদিত ট্যালকম পাউডার বিপণন করা হয়।