স্থানীয় ক্রিকেটারেই বাজিমাত করবে খুলনা!

0
324

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অন্য সব দলে বড় বড় তারকা থাকলেও খুলনাতে নেই তেমন কোনো বড় নাম। কিন্তু এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই খুলনা কোচ মাহেলা জয়াবর্ধনের। বরং দলীয় পারফরম্যান্সের জোরেই এবারের টুর্নামেন্টে ভালো করতে চান লঙ্কান এ কোচ।

বৃহস্পতিবার খুলনার অনুশীলনের এক ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাহেলা বলেন, ‘আমরা দলীয় পারফরম্যান্সে জোর দিতে চাই। আমরা গত আসরে ভালো করেছি। দলের সবাই অবদান রেখেছে। আমরা বিশ্বাস করি যদি দল হিসেবে আমরা ভালো খেলতে পারি তাহলে ম্যাচও জিততে পারবো।’

এসময় স্থানীয় ক্রিকেটারদের প্রতি নিজের ভরসার কথা জানান দেন খুলনা কোচ। বিশেষ করে ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরীফুল ইসলামের ব্যাপারে বেশ রোমাঞ্চিত মাহেলা। তিনি মনে করেন শরীফুল-তাইজুলরা দলীয়ভাবে ভালো করতে পারলে স্থানীয় ক্রিকেটার দিয়েই বাজিমাত করবে খুলনা।

মাহেলা বলেন, ‘আমাদের দলের স্থানীয় ক্রিকেটাররা বেশ ভালো। তাদের দলে নেয়ার সময় আমরা সবকিছু বিবেচনা করেই নিয়েছি। আমাদের হোমওয়ার্ক করা আছে। আমি দেখেছি এমার্জিং এশিয়া কাপ কিংবা বয়সভিত্তিক ক্রিকেটে শরীফুল ইসলাম কেমন করেছে। এ কারণেই তাকে নিয়েছি। আমরা তাকে পেয়ে খুবই রোমাঞ্চিত। এছাড়াও তাইজুল ও অন্যান্য বেশ কিছু তরুণ খেলোয়াড়দের মিলিয়ে আমাদের এই দিকটা বেশ ভালো।’

এসময় টুর্নামেন্টে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে মাহেলা বলেন, ‘আমরা শুধু আমাদের গত বছরের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাই। আমরা ভালো ক্রিকেট খেলেছি গত আসরে। দুর্ভাগ্যবশত প্লেঅফে যেতে পারিনি। আশা করছি এবার আমরা আরও এগিয়ে নেবো নিজেদের। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগুতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট। দলে দারুণ সব প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। বাংলাদেশের স্থানীয় তরুণ ক্রিকেটারদের ব্যাপারেও রোমাঞ্চিত আমি। আমরা চেষ্টা করবো গত আসরে যা করেছি এবারও তাই করে আরও ভালো ফলাফল নিয়ে আসার।’

নিজেদের প্রস্তুতির ব্যাপারে জানাতে গিয়ে মাহেলা বলেন, ‘আমাদের দলের মূল খেলোয়াড়দের আমরা পেয়েছি শুরু থেকেই। এছাড়া দলে এমন অনেক খেলোয়াড়ই আছে যারা আগেও বিপিএল খেলেছে। তারা এখানের অবস্থাটা বোঝে। সবমিলিয়ে দল হিসেবে ভালো অবস্থানেই রয়েছি। আমাদের প্রথম ম্যাচের আগে আরও বেশ কিছু প্র্যাক্টিস সেশন পাবো আমরা।’