পারুলের ঘটনা সমগ্র জাতির লজ্জা, বললেন ড. কামাল

0
343

ড কামাল হোসেন (সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : গণধর্ষণের শিকার নোয়াখালীর সুবর্ণ চরের পারুলের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কামাল হোসেন বলেন, ‘পারুলের উপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক কাণ্ড ঘটেছে। এই লজ্জা ধর্ষিতা পারুলের নয় বরং এ লজ্জা সমগ্র জাতির।’

কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন – মন্তব্য করে ঐক্যফ্রন্টের শীর্ষ এ নেতা বলেন, ‘এই ঘটনা জাতি হিসাবে আমাদেরকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। সোস্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে ৩০ ডিসেম্বর রোববার নির্যাতনের শিকার এই নারী তাঁর নিজ এলাকার একটি ভোট কেন্দ্রে নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে, সন্ত্রাসীরা তাকে তাদের প্রতীকে ভোট দিতে বলে। পারুল তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়ে বাহির হলে সন্ত্রাসীরা পারুলকে দেখে নেওয়ার হুমকি দেয়। ‘

তিনি আরও বলেন, ‘পারুল নির্যাতিত নয়, বরং নির্যাতিত হয়েছে আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার। এখন থেকে পারুলের সকল দায়িত্ব আমাদের সকলের।’

ড. কামাল বলেন, ‘পুলিশ বাদীর কথিত মতে হুকুমের আসামীসহ অনেকের নাম বাদ দেওয়াতে আমি ক্ষোভ প্রকাশ করছি। এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুক্ষীণ করেছে এবং এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত। এরূপ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে।’

গণমাধ্যমে পাঠানো ঐ বিবৃতিতে দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।