মিলারের সঙ্গে বৈঠক, বেরিয়ে কিছুই বললেন না বিএনপি নেতারা

0
333

ছবি : সম্পাদিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির তিন নেতা। প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেছেন তারা।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য দুজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠক করেন তারা।

এরপর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবন থেকে বেরিয়ে যান দলটির তিন নেতা। এ সময় গণমাধ্যমকর্মীরা বৈঠকের বিষয়ে জানতে চাইলেও কোনো কথাই বলেননি বিএনপি নেতারা।

এছাড়া অন্য কোনো সময় এ বৈঠকের ব্যাপারে কিছু জানানো হবে কি না সে বিষয়েও কিছু জানাননি তারা।

এর আগে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমাহীন অনিয়ম-কারচুপি নিয়ে বিএনপির এ প্রতিনিধি দলটি বৈঠকে কথা বলবেন বলে জানা যায়।

গত রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ জয় পায় সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ।

ভোটগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ নিয়েছেন এরশাদ ও সৈয়দ আশরাফ ছাড়া ২৯০ জন নবনির্বাচিত সংসদ সদস্য। এছাড়া নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ জোটের বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেননি।