সিলেটে নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রদল নেতার বাড়িতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

0
385

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাবৃন্দ (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহতের ঘটনায় তার পরিবারের স্বজনদের সাথে দেখা করতে আজ সোমবার সিলেট যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

গত ৮ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা সিলেট যাচ্ছেন।

ঐক্যফ্রন্টের সিলেটের মুখপাত্র ও জেলা বিএনপির সভাপতি কাহের চৌধুরী শামীম সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

সিলেট পৌঁছে দুপুরে বালাগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন তারা। বিকালে নেতারা ঢাকায় ফিরে আসবেন।

এই সফরকারী টিমে থাকছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এ সফরের মাধ্যমে ঐক্যফ্রন্টের ঘোষিত তিন দফা কর্মসূচি শুরু হচ্ছে। এরপর ধারাবাহিকভাবে দেশের অন্যান্য নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন তারা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন বিকালে (সিলেট-৩) বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদল নেতা সায়েম নিহত হন।