সড়ক দুর্ঘটনায় নিহত মিথুন (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া শহরতলীর আলফা মোড়ে পৌরসভার ট্রাকের চাপায় মিথুন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ত্রিমোহনী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিথুন মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া এলাকার আলম মৃধার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে তালবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন মিথুন। পথে শহরের আলফা মোড়ে পৌঁছালে কুষ্টিয়া পৌরসভার একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় মিথুন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মিথুন কুষ্টিয়া এস বি কাউন্টারে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









