আগামী গ্রীষ্মেই পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

0
366

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। (ছবিসূত্র : এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের গ্রীষ্মের মধ্যেই পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলে অনুমান করছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত চলমান ব্রেক্সিট চুক্তিটি পুরোপুরি বাস্তবায়নের পরপরই মে তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সংক্ষিপ্ত করে আনতে পারেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ মন্ত্রিসভা সূত্রের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে থেরেসা মে’র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে বলা হয়, মূলত এরপর প্রধানমন্ত্রী থেরেসা মে নতুন একটি টোরি নেতৃত্ব বাছাইয়ের জন্য আগামী অক্টোবরে অনুষ্ঠেয় দলটির বার্ষিক সম্মেলনে একটি সময়সূচি ঘোষণা করতে পারেন। ব্রিটিশ মন্ত্রিসভার কমপক্ষে দুই সদস্যকে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মে এই ইঙ্গিত দিয়েছেন সদস্যরা স্বীকার করে নিয়েছেন।

এদিকে থেরেসা মে’র বন্ধু লিয়াম ফক্সের ঘনিষ্ঠ এক সূত্র দেশটির এই সংবাদমাধ্যমটিকে জানায়, বাণিজ্যমন্ত্রী লিয়াম মনে করেন যে আগামী ২৯ মার্চের পর পদত্যাগ করতে পারেন ব্রিটেনের এই প্রধানমন্ত্রী। লিয়ামকে থেরেসা মে যা বলেছেন, তা তার পদত্যাগের সম্ভাবনাকেই পুরোপুরি ইঙ্গিত করছে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি প্রধানমন্ত্রী মে।

অপরদিকে ইরান ভিত্তিক সংবামাধ্যম পার্সটুডে অন্য এক প্রতিবেদনে জানায়, আগামী মার্চ মাসে ব্রেক্সিট চুক্তি পাস হয়ে গেলে থেরেসা মে প্রধানমন্ত্রিত্ব ছাড়ে দিবেন। তার ঘনিষ্ঠ জনরা স্বীকার করে নিয়েছেন যে, তিনি পদত্যাগ করার জন্য পুরোপুরি প্রস্তুত, তবে প্রতিদ্বন্দ্বী নেতা বরিস জনসনকে প্রতিহত করার জন্য নতুন করে নির্বাচনেও লড়তে পারেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ মাসেই ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের জন্য পুরোদমে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত মাসে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ঐতিহাসিক পরাজয়ের পর থেরেসা মে জাতীর উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমি আর কখনই ব্রিটিশ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না।’