রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক গণমাধ্যমে মিয়ানমার সেনা প্রধানের সাক্ষাৎকার (ছবি : সম্পাদিত)
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যা ও নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করে, এর কোনো প্রমাণ নেই বলে দাবি জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং।
তিনি বলেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া শরণার্থীরা যা মন চায় বলেছে। কোনও প্রমাণ ছাড়া বিশ্বব্যাপী সবাই যে মিয়ানমারের সমালোচনা ও নিন্দা করছে এটি দেশটির জন্য অসম্মানজনক।
শুক্রবার জাপানের শীর্ষস্থানীয় গণমাধ্যম আশাহি শিম্বুন-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে এই দাবি জানান।
মিয়ানমারের সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার সেনাঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের গ্রেফতারের লক্ষ্যেই অভিযান চালানো হয়েছিল। নিপীড়ন করা হয়নি।
২০১৭ সালে রোহিঙ্গা নিপীড়ন শুরুর পর থেকে এই প্রথম আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে মিন অং হ্লেইং সাক্ষাৎকার দিলেন।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে দেশটির সেনাপ্রধান ও অপর পাঁচ শীর্ষ সেনা কমান্ডারকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। এর জবাবেই এই দাবি করেছেন মিয়ানমার সেনাপ্রধান।
তবে মিয়ানমার সেনা প্রধানের দাবি প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। তিনি বলেন, আমরা রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করে যাচ্ছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। কারও ব্যক্তিগত সাক্ষাৎকার বিবেচনার বিষয় নয়।
ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, তিনি মিয়ানমারের সেনাপ্রধানের কোনো সাক্ষাৎকার দেখেননি। তবে গত বছর জাতিসংঘের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে মিয়ানমার সরকার। সেখানে রোহিঙ্গা নিপীড়নের বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে। রোহিঙ্গাদের নিজ আবাসে ফিরে যাওয়ার পূর্ণ অধিকারের বিষয়েও সম্মতি প্রকাশ করেছে মিয়ানমার।









