বিনোদন ডেস্ক : ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সারা বিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বিনোদনের জন্য যাত্রা শুরু করলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। এরই মধ্য দিয়ে ব্যবসায়ে নাম লেখালেন রুদ্র।
প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি আসিফ আকবরের গানগুলো নিয়ে কাজ করবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের সাথে নিয়ে এগিয়ে যেতে চায় ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার এবং গীতিকারদের প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করা।
প্রতিষ্ঠানটি বাংলা সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে কাজ করবে। সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশনসহ আর্ন্তজাতিক সব পোর্টালের সাথে যুক্ত হয়ে কাজ করেবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও থাকবে তাদের সেবা।
প্রতিষ্ঠানটির কর্ণধার শাফায়াত আসিফ রুদ্র বলেন, ‘এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে চাই। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মের কাছে এই প্লাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট সকলের আর্থিক বিষয়টিও নিশ্চিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে এটা সম্ভব।’
আসিফ আকবর বলেন, ‘আমার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র ব্যবসায়িক পথচলা শুরু হয়েছে এটা সুখের সংবাদ। তার আইটি ফার্ম ‘ফেদারমেন ডিজিটাল’র ইউটিউব চ্যানেল থেকে আমার গাওয়া ‘মিথ্যে কথার গান’টি সম্প্রতি অবমুক্ত হয়েছে।
ছেলেরা প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে, রুদ্র’র কোম্পানী এখন আমার প্রযোজক, বাবা হিসেবে বুকটা আমার এখন অনেক চওড়া, এমন সন্তানের জন্য বেঁচে থাকার তৃপ্তিই আলাদা। সবার কাছে রুদ্র’র জন্য দোয়া চাই ,রুদ্র যেন সৎ থেকে সফল হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি এবং আমার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ সব সময় ফেদারমেন ডিজিটালের সাথে আছি। আমি ওদের সাথে কথা বলেছি।
ওদের যেই পরিকল্পনা, তা আমার খুব ভালো লেগেছে। এই পরিকল্পনায় দেশে আর কোনো শিল্পীকে অভাবে কষ্ট করতে হবে না। কোনো সুরকার এবং গীতিকারকেও না। অসুস্থ হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। ফেদারমেন ডিজিটালের জন্য শুভ কামনা।’
প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল লিংক – www.youtube.com/Feathermen Digital









