ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুড়ে ছাই কুষ্টিয়ায় তুলার কারখানা

0
398

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা শহরের প্রাণ কেন্দ্র বড়বাজার তুলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে আশঙ্কায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

অগ্নিকাণ্ডে ইশান বেডিং এর তুলা প্রসেসিং কারখানা ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

সোমবার (১১ মার্চ) দুপুরে বড়বাজার তুলা পট্টির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। কিন্তু দুপুরের প্রচণ্ড গরমে আগুন নিভাতে এগিয়ে আসা এলাকাবাসী আগুনের লেলিহানে পিছু হটতে বাধ্য হয়। অপর দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বড়বাজার এলাকার রাস্তায় জানযটের কারণে কিছুটা বিলম্ভে ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকাণ্ডের এলাকায় পৌঁছালেও সেখানে চিকন-আঁকাবাঁকা রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে অনেক বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের। যে কারণে বেশ দেরিতে পৌঁছাতে হয় দমকল বাহিনীকে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই কারখানায় থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়।

এলাকাবাসী জানান, কিছুদিন পূর্বেও একই তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু একই কারখানায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

কুষ্টিয়ার ফায়ার স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, তুলার ম্যানশন অতিরিক্ত গরম হয়ে আগুনের ফুল্কি তুলার ওপর পরে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন।