সিরাজগঞ্জে মৈত্রীর ধাক্কায় নিহত ৩

0
343

কাভার্ড ভ্যান

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের কামারখন্দে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গরুবাহী কাভার্ড ভ্যান চূর্ণবিচূর্ণ হয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উপজেলার কয়েলগাঁতী ঢালা এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যান চালক সুর্য্য সেখ (৪০), গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৮) ও নেহার আলী (৩৭)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল হামিদ জানান, কামারখন্দ থেকে গরু নিয়ে উল্লাপাড়া হাটে যাবার পথে কাভার্ড ভ্যানটি কয়েলগাতী ঢালা এলাকায় রেলক্রসিংয়ের ওপর বন্ধ হয়ে যায়।

এ সময় ভারত থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি রেললাইনের পাশে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং কামারখন্দ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়। এছাড়াও ঘটনাস্থলে দুটি গরু মারা গেছে।

কামারখন্দে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সমনুল হক জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই একজন এবং হাসপাতালে পৌঁছানোর পর দুইজন মারা যায়। অন্য দুইজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, লাশ পরিবারের লোকজন তাৎক্ষণিক নিয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেককে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।