জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক প্রবাসীর স্ত্রী সন্তানসহ নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে ওই প্রবাসীর মা সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (২০ এপ্রিল) থানার জিডি সূত্রে এ তথ্য জানা যায়।
জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার পশ্চিম শিয়ালদী গ্রামের রতন চন্দ্র দাসের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রনি চন্দ্র দাসের (২৮) স্ত্রী শিখা রানী দাস (২৫)। তার ছেলে অর্নব দাস (৪)। তার স্ত্রী গত ১৫ এপ্রিল সকাল ১০ টার দিকে সন্তানকে নিয়ে উপজেলার বাহের কুচিতে বাবার (হারাধন পাল) বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বের হন। পরে এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন।
সিঙ্গাপুর প্রবাসী রনি চন্দ্র দাসের মা টুনু রানী দাস জানান, আমার ছেলের বউ নাতিকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়। পরে জানতে পারি তারা সেখানে যায়নি। পরিচিত আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েছি এতে করেও তাদের কোন প্রকার সন্ধান পাওয়া যাচ্ছেনা। খরব পেয়ে আমার ছেলে সিঙ্গাপুর থেকে দেশে চলে এসেছে।
তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তাদের সন্ধান চেয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করছি।









