সাইফউদ্দিন (ছবি : সংগৃহীত)
স্পোর্টস ডেস্ক : ভারতের বিখ্যাত টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার স্বপ্ন দেখেন টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন। প্রতি বছরই বাংলাদেশের হয়ে আইপিএল কেউ না কেউ খেলে থাকেন। গেল বছর সাকিব আল হাসান খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২২ বছর বয়সী সাইফ যদি কখনো আইপিএল খেলার সুযোগ পান তবে কার নেতৃত্বে খেলবেন? কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকারে সাইফ বলেছেন, আইপিএলে সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে পারলে সব চেয়ে খুশি হবেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নিয়মিত খেললেও সাইফের স্বপ্ন আইপিএলে খেলা। কোন দলে খেলতে চাইবেন? তার উত্তর, ‘সবচেয়ে খুশি হব ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেলে। তা না হলে আমার প্রিয় শহর কলকাতার হয়ে খেলতে চাই। সাকিব ভাইয়ের মতোই এপার বাংলার ভালবাসাও কুড়িয়ে নিতে চাই।’
দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ দল গ্রুপ পর্বেই বাদ পড়েছে। ৯ ম্যাচে তিন জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলের আটে থেকে সফর শেষ হয় লাল সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের হয়ে এই আসরে কেবল উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রতিটি ম্যাচেই ব্যাটে বলে দুর্দান্ত খেলেছেন তিনি। সাকিবের পর যদি পারফম্যান্স নিয়ে কারও নাম আসে তবে টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের নামই আসবে। সাত ম্যাচে ১৩টি উইকেট শিকার ও ব্যাট হাতে করেছেন ৮৭ রান। অভিষেক বিশ্বকাপে সাইফ পেয়েছেন প্রথম ফিফটি। ভারতের বিপক্ষে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন সাইফ!
বিশ্বকাপে যে ১৩টি উইকেট পেয়েছেন সাইফ, তার মধ্যে সেরা কোনটি? এর উত্তরে ফেনীর ছেলে বলেন, ‘অবশ্যই ক্রিস গেইলের (উইন্ডিজ) উইকেট। তাছাড়া প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করে সবচেয়ে খুশি হয়েছিলাম। ওর মতো ব্যাটসম্যানকে আউট করা যে কোনো বোলারের কাছেই স্বপ্ন।’










Comments are closed.