বিহারে বিজেপি জোটের বড় জয়

0
4007

আন্তর্জাতিক ডেস্ক : বিহারে বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জয়ী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারে গণতন্ত্র আরও একবার জয়ী হলো। খবর বিবিসি বাংলার।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিধানসভার ভোটে ২৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ১২৫টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। অন্যদিকে মহাজোট জয়ী হয়েছে ১১০টি আসনে।

করোনা মহামারির মধ্যে এটাই দেশটির প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন। মঙ্গলবার (১০ নভেম্বর) ওই রাজ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওই রাজ্যে আরও একবার ক্ষমতায় বসতে যাচ্ছে এনডিএ জোট। বুধবার (১১ নভেম্বর) সকালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে জয়ী দল হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া আসাউদ্দিন ওয়াইসির দল পেয়েছে ৫টি আসন, বিএসপির আসন সংখ্যা ১, এলজিপি ১টি ও নির্দল প্রার্থী পেয়েছে ১টি আসন।

ভোট গণনা শেষ হওয়ার কিছু সময় আগে থেকেই ফলাফল স্পষ্ট হয়ে উঠছিল। সে সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারবাসীকে এনডিএ জোটকে জয়ী করানোর জন্য ধন্যবাদ দেন।

তিনি বলেন, বিহারবাসী উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। নীতীশ কুমারের জেডিইউ খারাপ ফল করলেও তাকেই গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী শুভেচ্ছা জানিয়েছেন।

অন্য দিকে জোট শিবিরে ভালো ফল করেছে বাম দলগুলো। কিন্তু কংগ্রেস পেয়েছে মাত্র ১৯ টি আসন। এর জেরেই হয়তো ডুবতে হয়েছে মহাজোট শিবিরকে।

এবার বাম শিবিরে ছিল সিপিআই (এম-এল), সিপিআই ও সিপিআইএম। মহাজোটের পক্ষ থেকে ২৯টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। এর মধ্যে জয় এসেছে ১৬ টিতে। অর্থাৎ অর্ধেকের বেশি আসনেই জয়ী হয়েছে বাম শিবির।

কিন্তু এবারও ভালো করতে পারেনি কংগ্রেস। কংগ্রেস বিহারে লড়েছিল ৭০ টি আসনে। কিন্তু সেখান থেকে জয় তুলে আনতে পেরেছে মাত্র ১৯ টিতে। যদি কংগ্রেস আরও ৮-১০ টি আসন বেশি তুলে নিতে পারত, তবে নিঃসন্দেহে ওপরে উঠে যেত মহাজোট।