অভিবাসন আইন শিথিল করল জাপান। (ছবিসূত্র : নিক্কি এশিয়ান রিভিউ)
আন্তর্জাতিক ডেস্ক : শ্রমিক সংকট নিরসনে অভিবাসন আইন শিথিল করেছে জাপান। লক্ষাধিক বিদেশি শ্রমিককে প্রবেশাধিকার দিয়ে শুক্রবার (৭ ডিসেম্বর) নতুন এক বিতর্কিত আইনের অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট।
নতুন এই আইন অনুযায়ী, আগামী বছরের শুরু থেকে জাপানের নির্মাণ খাত, ফার্মিং এবং নাসিংসহ বিভিন্ন শাখায় কাজ করার সুযোগ পাবেন বিদেশিরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সাধারণত বিদেশি শ্রমিকদের বিষয়ে সবসময়ই বেশ সতর্ক জাপান। তবে দেশটিতে ক্রমবর্ধমান বয়োজ্যেষ্ঠদের সেবায় নতুন করে শ্রমিকদের প্রয়োজন হওয়ায় প্রায় ৩ লাখের বেশি শ্রমিককে জাপানে প্রবেশের অনুমতি দিল শিন-জো অ্যাবের সরকার।
মূলত দুই ধাপে বিদেশি শ্রমিক নেবে জাপান। প্রথম ধাপে, দেশটিতে কাজের যোগ্যতা অনুযায়ী যে সকল শ্রমিকরা সুযোগ পাবেন তাদের ৫ বছরের জন্য ভিসার অনুমোদন দেওয়া হবে।
অপর ধাপে, উচ্চমানের যোগ্যতার অধিকারীরা চাইলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, জাপান সরকারের এ সিদ্ধান্তকে সম্পূর্ণ বিতর্কিত এবং ঝুঁকিপূর্ণ বলেও অভিযোগ করছে দেশটির প্রধান রাজনৈতিক বিরোধী দল।









